এইমাত্র পাওয়া

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলঃ শিক্ষকদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন,  বিদেশিদের সমর্থনের কোনো দরকার আমাদের নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

ড. মো. আবদুর রাজ্জাক বলেন, আমরা বিদেশি সাহায্য চাই না। আমরা চাই জনগণের সমর্থন। আমি বিশ্বাস করি, আমরা যে উন্নয়ন করেছি। পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্পকারখানা, আজকে গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটার-সার্বিক যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, যারা নির্বাচন বয়কট করতে চান ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিলেন। অনেক অন্যায় করেছেন। এদেশে গণতন্ত্র ছিল বিপন্ন। জঙ্গিদের তোষণ করেছেন।

এ সময় অনুষ্ঠানে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.