বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবীর হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রতিপালনের নির্দেশ প্রত্যাখ্যান ও পিএইচডি ইনক্রিমেন্ট বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় অধ্যাপক ড. তুলসী কুমার দাস বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশের বিরুদ্ধে একের পর এক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যদি মেধাবীরা না আসে, মেধাবী শিক্ষার্থীরা যদি মনে করে এখানে ক্ষমতা নেই, ঐক্য নেই, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো মুখ তুবড়ে পড়বে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। তাই এখনই সময় দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা রক্ষা করা। অন্যথায় উচ্চ শিক্ষা হুমকির মধ্যে পতিত হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবীর হোসেন বলেন, ইউজিসি প্রণীত ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়ায় শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে এ নীতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় শিক্ষকরা মাঠে নামলে কেউ থামাতে পারবে না।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে এখন আমলাতান্ত্রিক রূপ দেওয়ার পায়তারা করা হচ্ছে। আমলারা এখন শিক্ষকদের শাসন করতে চায়। এ বছর জাতীয় নির্বাচন। একটা মহল নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই আমাদের দাবি তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, ইউজিসি বারবার শিক্ষকদের ওপর অন্যায়ভাবে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সম্প্রীতি অভিন্ন আর্থিক নীতিমালার যে সিদ্ধান্ত তারা নিয়েছে তা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.