ফাইল ছবি

নতুন শিক্ষাক্রম: প্রস্তুতির অভাবে সংকটে শিক্ষার্থীরা

ঢাকাঃ নতুন শিক্ষাক্রম চালুর ৬ মাস পার হলেও ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না অনেক শিক্ষার্থী। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা শিখছে কিনা তা একেবারেই বুঝতে পারছেন না তারা। এমনকি শিক্ষকদেরও এ পর্যন্ত স্বচ্ছ ধারনা নেই। শিক্ষা গবেষকরা বলছেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে শিক্ষার্থীরা সংকটের মুখে।

চলতি বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়। এরই মধ্যে পার হচ্ছে ৬ মাস।

অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষাক্রমের সঙ্গে এখনও তাল মেলাতে পারছে না শিক্ষার্থীরা। কিভাবে মূল্যায়ণ হচ্ছে, শিক্ষার্থীরা ঠিকভাবে শিখছে কিনা তাও বুঝতে পারছেন না তারা।

একই অবস্থা শিক্ষকদেরও। তারা বলছেন, ৬ মাস পার হয়ে হলেও অনেক শিক্ষকই ঠিকভাবে প্রশিক্ষণ পায়নি। যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদেরটাও পর্য়াপ্ত নয়। ফলে শ্রেণিকক্ষে শিক্ষকরাও শিক্ষার্থীদের ঠিকভাবে বোঝাতে পারছেন না।

তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, এই শিক্ষাক্রম ভালো। কিন্তু এটি এখন কাজ করছে না। কারণ শিক্ষকরা ঠিকভাবে প্রশিক্ষণ পায়নি।

এ অবস্থায় আগামী বছর ৮ম এবং ৯ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। এখানেও প্রস্তুতির ব্যাপক ঘাটতি। ৮ম শ্রেণির বই লেখা শেষ হলেও মাত্র শুরু হয়েছে ৯ম শ্রেণির। শিক্ষা গবেষকরা বলছেন, এভাবে প্রস্তুতি ছাড়া শিক্ষাক্রম চলতে থাকলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে।

শিক্ষা গবেষক ড. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষকরা শ্রেণিকক্ষে ঠিকভাবে বোঝাতে পারছে না। আর এইভাবে চলতে থাকলে এই শিক্ষাক্রম ব্যর্থ হবে। যদি না এনসিটিবি শিক্ষকদের এখনই প্রশিক্ষণ দেয়া হয়।

এনসিটিবি বলছে, শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, আমরা শিক্ষকদের অনলাইনে, সরাসরি প্রশিক্ষণ দিয়েছি। সেই সঙ্গে অনলাইনে প্রশিক্ষণের ভিডিও রেখেছি যেখান থেকে শিক্ষকরা দেখতে পারবেন।

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বইয়ে ৭ শতাধিক ভুলের সংশোধন সম্পর্কেও খুব একটা সচেতন করা হয়নি বলেও অভিযোগ শিক্ষকদের।

পর্যাপ্ত প্রস্তুতি এবং শিক্ষকদের দক্ষতার অভাবে সৃজণশীল পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। শিক্ষাগবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম যেভাবে অগোছালোভাবে চলছে তাতে করে এর সুফল মিলবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.