ফরিদপুরঃ ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন না করাই দুর্নীতি। সমাজে মানুষ এখন সুযোগ পেলেই দুর্নীতি করে। ফাঁকি না দিয়ে নিজের কাজ ঠিকমতো করতে হবে। নিজের বিবেককে বলতে হবে, আমি দুর্নীতি করি নাই। এখন তো শিক্ষক সমাজেও দুর্নীতি ঢুকে গেছে। তারাও সুযোগ পেলে দুর্নীতি করে।’
রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সভাকক্ষে দুদক ফরিদপুরের আয়োজনে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ ও সততা স্টোরের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, পুরস্কার বিতরণ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের আয়োজন ও অর্থায়নে সততা সংঘ ও সততা স্টোরের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন রঞ্জন সরকার বলেন, ‘শিক্ষিত হলেই আমরা দুর্নীতিমুক্ত হতে পারছি না। কারণ, শিক্ষিত সমাজেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়। মাঠে-ঘাটে কাজ করা লোকদের মধ্যে দুর্নীতি নেই, তারাই দুর্নীতির শিকার হয়।’
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি প্রফেসর আলতাফ হোসেন।
দুপ্রক ফরিদপুর-এর সাধারণ সম্পাদক হাসানউজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দুদক উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন, দুপ্রক সদস্য রুবিয়া মিল্লাত, ডিউবি সিকদার, মনোয়ার মোরশেদা চৌধুরী, মহুয়া ইসলাম।
ফরিদপুর জেলার ৯টি উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। সেই সঙ্গে ফরিদপুর সদর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
