নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ মিলল গাজীপুরে বনে

গাজীপুরঃ নিখোঁজের চারদিন পর গাজীপুরের কালিয়াকৈরে বন থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান।

নিহত রিয়াদ হোসেন (২২) দিনাজপুরের ফুলপুর থানাধীন বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই বনের ভেতর ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে তার নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আকবর আলী খান বলেন, রিয়াদ হোসেন গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। সেখান থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন। চারদিন আগে মেস থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন।

তিনি আরও জানান, নিখোঁজের ঘটনায় ওই ছাত্রের পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ওসি আকবর আলী জানান, লাশে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.