মেহেরপুরঃ জেলায় সড়ক সম্প্রসারণের জন্য অন্তত দুই হাজার গাছ কাটা হচ্ছে। ব্রিটিশ আমলের নানা প্রজাতির গাছ ছিল সড়কের পার্শ্বে। গাছগুলো কাটার ফলে রাস্তার দু’পাশ ফাঁকা হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, আবার গাছ লাগাতে হবে। বন বিভাগ বলছে সরকারের নির্দেশনা পেলে রাস্তায় গাছ লাগানো হবে।
মেহেরপুর-কুষ্টিয়া, মুজিবনগর-দর্শনা সড়ক সম্প্রসারণের জন্য নানা প্রজাতির অন্তত দুই হাজার গাছ কাটা হচ্ছে। ব্রিটিশ আমলের বট, পাকুড়, মেহগনি, শিশু, কড়াই, রেইনট্রি, কাঁঠাল, আম, জামসহ নানা প্রজাতির গাছ ছিল এসব সড়কের পার্শ্বে। এক মাস ধরে চলা গাছ কাটা কার্যক্রম প্রায় আশি ভাগ শেষ। সড়কের পাশ এখনই মরুভূমিতে পরিণত হয়েছে। এর প্রভাব পড়ছে পরিবেশের ওপর।
ওষুধ ব্যবসায়ী সাজ্জাদুল আলম বলেন, হাসপাতাল মোড়টির বাসস্টপেজ ঘিরে বড় বড় গাছের নিচে গড়ে উঠেছিল দোকানপাট। মাস দুয়েক হলো বাস স্টপেজসহ দোকানপাট সব ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছগুলো। এখন মোড়ে গেলে চেনাই যায়না। সব ফাঁকা।
গাংনী পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, শতবর্ষী গাছগুলো মানুষকে ছায়াদান ও জীব বৈচিত্র্যের নানা রকম উপকার করত। গাছ কাটার ফলে মানুষের পাশাপাশি জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। নতুন করে গাছ লাগানোর দাবি জানান তিনি।
মেহেরপুর বার্ড ওয়াচিং ক্লাবের সভাপতি এমএ মুহিত বলেন, গাছ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের আবাসস্থল। কোনো পাখিই আমাদের কাছে খাদ্য চায় না। বনের, রাস্তার ধারের ওই গাছগুলো থেকেই তারা খাবার সংগ্রহ করে থাকে। অথচ সেই গাছগুলো সড়ক সম্প্রসারণের জন্য কেটে ফেলা হচ্ছে। আমাদের গাছও দরকার সড়কও দরকার। তিনি এই বর্ষা মৌসুমেই নতুন সড়কের দু’পাশে বন বিভাগের মাধ্যমে আবারও গাছ রোপণ করার দাবি জানান।
মেহেরপুর বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক এস.টি হামিম হায়দার বলেন, সড়কের দু’পাশে আবারও গাছ রোপণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
জেলা প্রশাসক মো. আজিজুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ যেমন গুরুত্বপূর্ণ; উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থাও খুব জরুরি।
তিনি বলেন, সড়ক নির্মাণ করার পরেও সড়ক ও জনপথের আরও জায়গা থাকছে। সেখানে পুনরায় নতুন গাছ রোপণে বন বিভাগকে উদ্যোগী হতে বলা হয়েছে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর-কুষ্টিয়া সড়কটি সম্প্রসারণ করে নির্মাণ করায় কিছু গাছ কাটা পড়ছে। সড়কের কাজ সম্পন্ন হলেই পুনরায় গাছ রোপণে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
