১ শিক্ষক দিয়ে চলছে ৩১০ শিক্ষার্থীর পাঠদান

ময়মনসিংহঃ জেলার নান্দাইল উপজেলায় ৩১০ জন ছাত্রছাত্রীর একটি বিদ্যালয়ে রয়েছেন মাত্র একজন শিক্ষক। এটি চর বেতাগৈর ইউনিয়নের চর কমরভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা গেছে, ২০১৮ সালে ২১ জুন থেকে এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক শেখ শামীম। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩১০। বিদ্যালয়ে আরো দুজন সহকারী শিক্ষক ছিলেন। গত ২৪ জানুয়ারি তাদেরকে ২০১৯ সালের প্রতিস্থাপন দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বদলি করা হয়। মো. নূরুল ইসলাম বিল্লালকে পাচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মো. এনামুল হককে চর উত্তরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।

জানুয়ারিতে আনোয়ার পাশা ও সেলিম হোসেন নামে দুজন শিক্ষক এ বিদ্যালয়ে যোগ দিলেও পরে জনতা ব্যাংকে তাদের চাকরি হয়ে যায়। গত ২৫ মে তারা শিক্ষকতার চাকরি থেকে ইস্তফা দেন। বর্তমানে পুরো বিদ্যালয়ের দায়িত্ব পড়েছে একজন শিক্ষকের ওপর।

নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত শিক্ষক যোগদানের বিষয়টি নিশ্চিত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.