নিহত হোসাইন

যজম দুই স্কুল ছাত্র: হোসাইন ফিরল লাশ হয়ে, হাসান ঢাকা মেডিকেলে

কিশোরগঞ্জঃ হাসান ও হোসাইন দুই ভাই একটি সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারের চাপায় হোসাইন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। নিহত হোসাইন ও আহত হাসান যমজ ভাই। তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাসান ও হোসাইন সাইকেলে করে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। হাসান সাইকেল চালাচ্ছিল আর হোসাইন পেছনে বসা ছিল। তারা বিদ্যালয়ের সামনে পৌঁছলে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসাইন নিহত হয় এবং হাসান গুরুতর আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুণ বলেন, হাসান ও হোসাইন যমজ ভাই। হোসাইনের মৃত্যুতে আমরা মর্মাহত। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ সড়কটি খুবই ব্যস্ততম। সড়কের পাশেই এ বিদ্যালয়টি অবস্থিত। অথচ বিদ্যালয়ের ডানে-বাঁয়ে কোনো সাংকেতিক সাইনবোর্ড নেই। এমনকি কোনো গতিরোধকও নেই।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.