এইমাত্র পাওয়া

গড়াই নদে নেমে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

কুষ্টিয়াঃ জেলার গড়াই নদে নেমে নিখোঁজ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানভীর (২৩)। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত নিখোঁজের ১৯ ঘণ্টায়ও খুঁজে পাওয়া যায়নি তাকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করেছেন খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।

সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দীন জানান, উদ্ধার কাজ চলছে। এখনো তানভীরের খোঁজ মেলেনি।

নিখোঁজ তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি বরগুনা সদর উপজেলায়। বন্ধুদের সঙ্গে কুষ্টিয়ায় ঘুরতে গিয়ে গড়াই নদে নামার পর নিখোঁজ হন তিনি। গতকাল রাতেই তার বাবা আবদুল মালেক, বোন ও দুলাভাই কুষ্টিয়ায় যান। সকাল থেকেই তারা নদের পাড়ে দাঁড়িয়ে আছেন। আবদুল মালেক বরগুনা সরকারি কলেজের শিক্ষক। তিনি ছেলের নিখোঁজের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতু এলাকায় গড়াই নদে নেমে তলিয়ে যান তানভীর। এ সময় তানভীরের দুই বন্ধুও নদে নেমেছিলেন, তবে তারা তীরে উঠতে পেরেছিলেন। ঘটনার পরপরই কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যান। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে। এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তারা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাদের সঙ্গে খুলনা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দীন বলেন, নদে বেশির ভাগ জায়গায় হাঁটুপানি। স্রোতে ভেসে যাওয়ার তেমন সম্ভাবনা কম। তবে কয়েক জায়গায় গর্ত আছে। সেখানে পানির স্রোত আছে। ধারণা করা হচ্ছে, স্রোতে তানভীর পানির নিচে চাপা পড়তে পারেন। এ জন্য খুঁজতে সমস্যা হচ্ছে। অন্য কারণও হতে পারে। তানভীরের সঙ্গে আসা বন্ধুরা কুষ্টিয়া সার্কিট হাউসে রাতে ছিলেন। তারা সেখানেই আছেন, তারা সবাই সুস্থ আছেন।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, সকাল থেকে নৌকায় করে নদের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখা হচ্ছে। কোথাও কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তানভীর যেখানে নিখোঁজ হয়েছেন, সেখানেই বালুর নিচে কোথাও চাপা পড়ে থাকতে পারেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.