এইমাত্র পাওয়া

এক শিক্ষকের সেই বিদ্যালয়ে যোগ দিয়েছেন নতুন শিক্ষক

গাজীপুরঃ জেলার শ্রীপুরের মাওনা ইউনিয়নের একজন শিক্ষক দিয়ে চলা জয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে তিনি ক্লাস নিয়েছেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম নতুন শিক্ষক পাওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

বিদ্যালয়টিতে যুক্ত হওয়া ওই শিক্ষক হলেন মেহেদী হাসান। পার্শ্ববর্তী বারোতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নির্দেশে মেহেদী জয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত হয়েছেন। বিদ্যালয়টিতে আরও শিক্ষক আসবেন বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক।

একজন শিক্ষক দিয়ে পাঠদানের বিষয়টি জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা–সমালোচনা।

জয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওই গ্রামের একমাত্র সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ছাড়া সেখানে কোনো উচ্চ মাধ্যমিক কিংবা বেসরকারি কিন্ডারগার্টেনও নেই।

প্রকাশিত খবর অনুযায়ী, ১ জুন থেকে জয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩ জন শিক্ষার্থীকে পাঠদান করছিলেন একমাত্র শিক্ষক আতিকুল ইসলাম। প্রতিদিন শিশুশ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই পালায় তাঁকে ক্লাস নিতে হচ্ছিল।

২০২০ সাল থেকে দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম। তবে গত ১ জুন থেকে অপর শিক্ষক নাসরিন আক্তার মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। এরপর শুধু আতিকুলকে একাই বিদ্যালয়টি পরিচালনা করতে হচ্ছিল।

শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘আপাতত একজন শিক্ষককে জয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই লিখিতভাবে আবেদন করেছি। শিগগির আরও শিক্ষক সেখানে দেওয়া হবে। পাঠদান আর ব্যাহত হবে না।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.