এইমাত্র পাওয়া

প্রশিক্ষণরত অবস্থায় বাউফল ইউএনওর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১১ জুন) আনুমানিক সাড়ে ১১টার দিকে ভারতে বাংলাদেশের বেসামরিক কর্মচারীদের জন্য মাঠ প্রশাসনের ওপর মধ্য-ক্যারিয়ার প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণে থাকাকালীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

এদিকে, তরুণ এই কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালীর নানান শ্রেণি-পেশার মানুষ।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামসহ তার কর্মস্থল বাউফলের রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি কমকর্তা-কর্মচারী, সাংবাদিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।

মো. আল-আমিন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৩তম ব্যাচের একজব প্রশাসনিক কর্মকর্তা। ভারতে উত্তরখণ্ড প্রদেশের মিশরিতে ৪ জুন প্রশিক্ষণে যান। ১৮ জুন তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.