এইমাত্র পাওয়া

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে ভিডিও, দুই কলেজছাত্র গ্রেপ্তার

নাটোরঃ জেলায় প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাসহ তার গলা থেকে ওড়না কেড়ে নিয়ে ভিডিও করার অভিযোগে আব্দুল্লাহ ও সিয়াম হোসেন নামে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে মোবাইলে ভিডিও ধারণ করা অভিযুক্ত কিশোরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ শহরের হাফরাস্তা মহল্লার আলীম শেখের ছেলে ও এন এস কলেজের ২য় বর্ষের ছাত্র এবং সিয়াম হোসেন নিচাবাজার মহল্লার নুরুজ্জামান বাবুর ছেলে ও সদ্য এসএসসি পাস করা ছাত্র।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, বুধবার সন্ধ্যার দিকে শহরের মীরপাড়া এলাকার ৯ম শ্রেণির এক ছাত্রী আলাইপুর ফৌজদারী পাড়া দিয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ফৌজদারী পাড়া পুকুর পাড় এলাকায় কয়েকজন কিশোর তার পথরোধ করে। এ সময় মেয়েটি পালানোর চেষ্টা করলে তারা মেয়েটির ওড়না খুলে নেয় এবং মেয়েটির সাথে ধস্তাধস্তি করে। বখাটেরা সেই দৃশ্য মোবাইলে ধারণ করে।

তিনি বলেন, এ সময় মেয়েটি চিৎকার দিয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়রা খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে বুধবার রাতেই ঘটনার মূলহোতা আব্দুল্লাহ ও সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৬/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.