এইমাত্র পাওয়া

এবার ‘নির্যাতিত’ দুই ছাত্রলীগ নেতাকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী পলক

ঢাকাঃ ত্রলীগের সাবেক দুই ‘নির্যাতিত’ নেতাকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পে ‘ট্রেনিং কো-অর্ডিনেটর’ হিসেবে চাকুরীর নিয়োগপত্র হাতে তুলে দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

চাকরি না হওয়ার ক্ষোভে সনদ পুড়িয়ে ফেলা ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানাকে সম্প্রতি চাকরি দেওয়া নিয়ে প্রতিমন্ত্রী পলকের পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে এগিয়ে না আসার অভিযোগও তুলছেন খোদ ছাত্রলীগের লোকজনই।

অন্যদিকে সনদ পুড়িয়ে প্রতিবাদ জানানোকে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে অনেকে তাকে চাকরি দেওয়ারও সমালোচনা করছেন। এমন পরিস্থিতির মধ্যে বুধবার (৩০ মে) দুজন ছাত্রলীগের নেতার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রতিমন্ত্রী পলক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, ‘আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক নির্যাতিত ছাত্রনেতা টগর মো. সালেহ ও ঠাকুরগাঁও জেলার শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং ও সমন্বয় করার জন্য সাবেক ছাত্রলীগের নির্যাতিত কর্মী মো. সাইফুর রহমানকে ‘ট্রেনিং কো-অর্ডিনেটর’ হিসেবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পে চাকুরীর নিয়োগপত্র হাতে তুলে দিলাম। শুভ কামনা তোমাদের জন্য।’

মূহূর্তের মধ্যে প্রতিমন্ত্রীর এই ছবি ভাইরাল হয়ে যায়। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অনেকেই এসব ছবি পোস্ট করে প্রতিমন্ত্রীর এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘পলক ভাই আপনাকে ধন্যবাদ যদিও অন্য মহোদয়দেরও এগিয়ে আসা উচিত ছিল।’

নাজিউর রহমান খান নামের একজন লিখেছেন, অনেকেই কথা দিয়ে কথা না রাখলেও কথা না দিয়েই ভাইকে মূল্যায়ন করলেন জুনায়েদ আহমেদ পলক ভাই। আজকের দিনে এর চেয়ে ভালো সংবাদ আর নাই। অভিনন্দন বাদশা ভাই। পলক ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরেকজন ছবি পোস্ট করে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, কৃতজ্ঞতা ছাত্রলীগের টগর ভাই এবং বাদশা ভাইদের চাকরির ব্যবস্থা করার জন্য। ছাত্রলীগ পরিবার আপনাকে মনে রাখবে।

ছাত্রলীগের নেতাকর্মীরা লিখেছেন, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি চাকরি পাওয়া সাইফর রহমান বাদশা ও ২০১৪ সালের ২৯ এপ্রিল টগর মোহাম্মদ সালেহকে ছাত্রশিবিরের হামলায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল। চাকরি হওয়ার কারণে এখন বেকরাত্বের অভিশাপ থেকে কিছুটা হলেও তারা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.