এইমাত্র পাওয়া

কোনো কোচিং না করেই গুচ্ছে সারা দেশে প্রথম রায়হান

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো কোচিং না করেই গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে সারা দেশে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী রায়হান খান রাজু।

এ. কে. উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন রায়হান। উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা নিয়ে ভর্তি হন নটর ডেম কলেজে। উচ্চ মাধ্যমিকেও জিপিএ ৫ পেয়ে নিজে ঘরে বসেই শুরু করেন বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি।

রায়হান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য কোচিং করতে হবে, এটা আমাদের জন্য ভুল ধারণা। নিজের পরিকল্পনা অনুযায়ী বাসায় বসেই কঠোর পরিশ্রম করলে এমনিতেই লক্ষ্য অর্জন করা যায়। তার জন্য কোচিং সেন্টারে গিয়ে সময় অপচয় করার কোনো মানে হয় না।’

রায়হান বলেন, ‘আমার এই সাফল্যের পেছনে আমার আল্লাহ তায়ালার পরে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি।

আমি অষ্টম শ্রেণিতে ওঠার পর আমার বড় ভাই আমাকে পড়াশোনার বিষয়ে পুরোপুরি দিকনির্দেশনা দিয়েছেন। আমি যখন এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়নি তখনই বিজ্ঞান বিভাগ থেকে পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা বিভাগে চলে আসি।’

রায়হান আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি ব্যবসায় শিক্ষা অনুষদে পরীক্ষা দিয়েছি। কিছুদিন পরেই ফলাফল প্রকাশিত হবে।

যদি ঢাবিতে চান্স পেয়ে যাই তাহলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হব না। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে পড়াশোনা করার ইচ্ছা আছে আমার।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.