এইমাত্র পাওয়া

শাহজাদপুরে দাখিল ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়

সিরাজগঞ্জঃ চলতি দাখিল পরীক্ষার জেলার শাহজাদপুর উপজেলার পৌর সদরের দরগাপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা (র.) দারুল খুলদ আলিয়া মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে সোমবার সকাল থেকে কৃষি বিষয় ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় প্রতি পরীক্ষার্থীর কাছে থেকে কৃষি বিষয়ে ২০০ টাকা ও বিজ্ঞান বিভাগের সব বিষয়ে ৪০০ টাকা করে প্রকাশ্যে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী ও শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা অকপটে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন।

নাম প্রকাশে একাধিক শিক্ষার্থী বলেন, কৃষি বিষয়ে ২০০ টাকা ও বিজ্ঞান বিষয়ে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। যারা এ টাকা দিতে অস্বীকার করছে তাদের ব্যবহারিক পরীক্ষার খাতা দেওয়া হচ্ছে না। আর যারা টাকা দিচ্ছে তাদের ব্যবহারিক খাতা দেখে দেখে লিখতে দেওয়া হচ্ছে। সোমবার বিজ্ঞান বিভাগের ৮-১০ জন টাকা দিতে অস্বীকার করলে তাদের ব্যবহারিক খাতা আটকে রাখা হয়। পরে টাকা দিলে খাতা দেখে পরীক্ষা দিতে দেওয়া হয়।

খাতা আটককারী শিক্ষক শফিকুর রহমান বলেন, কেন্দ্র সচিব বাঘাবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আবুল বয়ান সিদ্দিকুর রহমানের নির্দেশ থাকায় তিনি টাকা ছাড়া কাউকেই ব্যবহারিক খাতা দেখতে দেননি। টাকা বুঝে নিয়ে তারপর খাতা দিয়েছেন এবং সবাই পরীক্ষা দিয়েছে। পরে ওই টাকা কেন্দ্র সচিবের নির্দেশ অনুযায়ী তার মনোনীত শিক্ষক গোলাম মোস্তফা বাচ্চুর কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হযরত মখদুম শাহ দৌলা (র.) দারুল খুলদ আলিয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল হাকিম খান ও হল সুপার গোলাম মওলা বলেন, এ পরীক্ষা কেন্দ্রে কৃষি ও বিজ্ঞান মিলে মোট ৪০৮ জন ব্যবহারিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ৫৯ জন ও কৃষিতে ৩৪৯ জন। সোমবার ও মঙ্গলবার কৃষিতে মোট ২৩৯ জন ও বিজ্ঞানে ৫৯ জন ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন। কৃষির ২৩৯ জন বাবদ ৪৭ হাজার ৮০০ টাকা ও বিজ্ঞানের ৫৯ জন বাবদ ২৩ হাজার ৬০০ টাকা আদায় করে শিক্ষক গোলাম মোস্তফা বাচ্চুর কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার কৃষি বিষয়ের বাকি ১১০ জনের কাছ থেকে বাকি ২২ হাজার টাকা আদায় করা হবে।

শিক্ষক গোলাম মোস্তফা বাচ্চু বলেন, কেন্দ্র সচিবের নির্দেশে আদায়কৃত টাকা আমার কাছে জমা রাখা আছে। আমি প্রতিটি টাকার হিসাব খাতায় লিখে রেখেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.