এইমাত্র পাওয়া

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ২ প্রক্সিদাতা আটক

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুই প্রক্সিদাতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ মে) সকালে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে তাদেরকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদকালে তারা প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী।

আটক দুজন হলেন- মো. হোসাইন ও মো স্বপন হোসাইন। মো. হোসাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের কাওসার হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২৪ নম্বর কক্ষে রোল ২১৬০২-এর পরীক্ষার্থী জাহিদ হাসান সিয়ামের হয়ে প্রক্সি দেন।

মো. স্বপন হোসাইন নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কৃষি অনুষদ ভবনের ১৩৫ নম্বর রুমে রোল-২৪০৯৬ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, আমরা সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা নিজেদের দোষ স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.