ফরিদপুরঃ জেলার মধুখালীতে ছাত্রকে গলা টিপে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে পৌর সদরের পূবর্গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইমান আলী মোল্যা (৭) উপজেলার নওপাড়া ইউনিয়নের সমসকান্দি গ্রামের হৃদয় মোল্যার ছেলে এবং ওই মাদ্রাসার ছাত্র ছিল। পুলিশ তার লাশের ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে পাঠিয়েছে।
আর আটক হেদায়েতুল্লাহ (২২) ওই মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পিরের চর গ্রামের মহসিন মিয়ার ছেলে। দুই সপ্তাহ আগে তিনি ওই মাদ্রাসায় অস্থায়ী ভিত্তিতে যোগদান করেন।
জানা যায়, রোববার দিবাগত রাতে শিক্ষক হেদায়েতুল্লাহ এক ছাত্রের সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন। এ দৃশ্য ইমান আলী দেখে ফেললে তাকে এ ঘটনার কথা কাউকে না বলার জন্য নিষেধ করেন হেদায়েতুল্লাহ। এরপর ইমান রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই শিক্ষক ভয়ে অন্য ছাত্ররা ঘুম থেকে উঠার আগেই সকালে ইমানকে গলা টিপে হত্যা করে মাদ্রাসা থেকে অন্য আরেক ছাত্রকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। ইতোমধ্যে অন্য ছাত্ররা ঘুম থেকে উঠে মৃত অবস্থায় ইমানকে দেখে অন্য শিক্ষকদের জানালে তারা থানায় ফোন করে খবর দেয়। খবর পেয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তাৎক্ষণিক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষককে সঙ্গীয় ছাত্রসহ আটক করেন।
এ বিষয়ে ওই মাদ্রাসার প্রধান মাওলানা সামসুল হক জানান, মাত্র দুই সপ্তাহ আগেই হেদায়েতুল্লাহকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে এবং তাকে সাবধান করে বলা হয়েছে ছাত্রদের সঙ্গে কোন ধরনের খারাপ আচরণ না করার জন্য।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ওই শিক্ষককে উপজেলার মাঝকান্দি থেকে আটক করেছি। ময়না তদন্তের জন্য মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
