ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিলেট আঞ্চলিক অফিসের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ। তিনি ২০০৯ সাল থেকে প্রায় ১৪ বছর ধরে ওই অফিসে চাকরি করছেন। তার মূল পদ প্রধান শিক্ষক। কথিত আছে, ওই অঞ্চলে টাকা ছাড়া এমপিও মেলে না। বাতিল হওয়া আবেদনেও বড় অঙ্কের ঘুষ পেলে তিনি তা ছাড় করে দেন। খোদ সরকারি সংস্থার তদন্তেই তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তথ্য উঠে এসেছে।
সম্প্রতি জাহাঙ্গীর কবীর আহাম্মদের অনিয়ম-দুর্নীতির ব্যাপারে তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তদন্ত দলে ছিলেন যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান ও অডিট অফিসার মো. মতিয়ার রহমান। তারা এমপিও, কেনাকাটাসহ প্রায় সব ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পেয়েছেন। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া ২০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উপপরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ডিআইএর পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরবলেন, ‘সিলেটের উপপরিচালকের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, তার প্রায় সব প্রমাণিত হয়েছে। আমরা সুপারিশসহ তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। মন্ত্রণালয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’
হবিগঞ্জ সদরের তরপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তদন্ত দলের সামনে সাক্ষ্য দেন, ‘টাইম স্কেল ও এমপিওভুক্তির জন্য জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রুহুল্লার মাধ্যমে ডিডি জাহাঙ্গীর কবীর টাকা নেন।’
রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘আমি ২০১৯ সালের ১০ মার্চ নিয়োগ পাই। এরপর চার-পাঁচবার এমপিওভুক্তির জন্য আবেদন করেছি। প্রতিবারই “নিডেড টু ভেরিফাই” বলে রিজেক্ট করা হয়। আমি গবেষণা কর্মকর্তা গিয়াসউদ্দিনের কাছে গেলে তিনি বড় স্যার অর্থাৎ উপপরিচালকে খুশি করতে হবে বলে জানান এবং আমাকে লিংকন নামের একজনকে দেখিয়ে দেন। তিনি এমপিওভুক্তির জন্য ডিডির বরাত দিয়ে দেড় লাখ টাকা দাবি করেন।’
তদন্ত প্রতিবেদনে বলা হয়, হবিগঞ্জ সদরের পইল হাই স্কুলের মো. নুরুল হুদার আবেদনটি বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয়, ‘নিয়োগ পরীক্ষার ফল-বিবরণীতে কমিটির সদস্যদের ভিন্ন ভিন্ন তারিখে স্বাক্ষরের বিষয়টির যাচাই বা ব্যাখ্যা প্রয়োজন।’ পরে আবার এ শিক্ষককেই এমপিও দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে যাচাই করে ফল-বিবরণী সঠিক হলো তার কোনো ব্যাখ্যা নথিতে নেই। এতে বোঝা যায়, নিয়োগ রেকর্ড যথাযথ না থাকা সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে এমপিও আবেদনটি অনুমোদন করা হয়েছে।
সুনামগঞ্জ সদরের পূর্ব পাগলা হাই স্কুলের পীযূষ কান্তি দেবের নিয়োগের স্বাক্ষরের তারিখটি ঘষামাজা করা। প্রথমে আবেদনটি বাতিল করা হলেও পরে অনুমোদন করা হয়। সুনামগঞ্জের হাফিজ আলী হাই স্কুলের শেফালী রানী দাসের আবেদনের সিএস কপিতে ডিডি প্রতিনিধির স্বাক্ষর যাচাইয়ের জন্য প্রথমে রিজেক্ট করলেও পরে অনুমোদন করা হয়।
সিলেটের ড. ইদ্রিস আলী হাই স্কুলের মো. আবদুল কাদেরের কাম্য, যোগ্যতা বিএজিএড ডিগ্রি থাকা সত্ত্বেও প্রথমে আপত্তি জানিয়ে পরে ঠিকই এমপিওভুক্ত করা হয়েছে। মৌলভীবাজারের তেলিবিল হাই স্কুলের সাবিনা ইয়াসমীনের প্যাটার্নভুক্ত পদ শূন্য থাকা সত্ত্বেও প্রথমে বাতিল করে দীর্ঘদিন পরে এমপিওভুক্ত করা হয়েছে। বিএড সনদ না থাকা সত্ত্বেও ২০২০ সালে প্রধান শিক্ষকের এমপিওভুক্তির ক্ষেত্রে আপত্তি জানিয়ে পরে এমপিওভুক্ত করা হয়।
ঘুষ না দেওয়ায় সিলেট সদরের আল আমীন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শামছুল হকের প্রথমবারের আবেদন ‘ল্যাক অব কোয়ালিফিকেশন’ ও পরে তিনবার ‘আদারস’ দেখিয়ে রিজেক্ট করা হয়। একইভাবে রসময় মেমোরিয়াল হাই স্কুলের সহকারী লাইব্রেরিয়ান কাজী মাহবুবুর রহমানের আবেদনটিও ‘নিডেড টু ভেরিফাই’ দেখিয়ে রিজেক্ট করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিলেট আঞ্চলিক অফিসে একটি সিন্ডিকেট তৈরি করে এমপিওভুক্তিতে বিভিন্ন ত্রুটি দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে বেশিরভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জড়িত। ঘুষ প্রদানকারী ব্যক্তিরা তদন্ত দলের কাছে জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসের বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে আর্থিক লেনদেনের কথা বলেছেন।’
জানতে চাইলে ডিডি জাহাঙ্গীর কবীর বলেন, ‘২০২১ সালের দিকে ডিআইএর তদন্ত দল এসেছিল। তারা ২০টির মতো এমপিও নিয়ে কথা বলেছেন। আমার উত্তরে তারা স্যাটিসফাইড হয়েছিলেন। তারা ক্যাশবই চেয়েছিলেন। কিন্তু এ ক্ষেত্রে তো সরকারি অডিট হয়। তাই দুই-তিন বছরেরটা দেখালাম।’
এমপিওর ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, ‘ডিআইএর রিপোর্টে কী আছে তা আমি জানি না। তবে আমি জ্ঞাতসারে কোনো অনিয়ম করিনি। সহজেই এমপিও দিয়ে দিই। আমি ১ জুন হজে যাচ্ছি। এর আগে কেন এ রিপোর্ট জমা দিল বুঝতে পারছি না।’
তদন্ত কমিটি বলছে, ডিডি জাহাঙ্গীর কবীরের দায়িত্বকালে ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত নতুন ৩ হাজার ৫৮১টিসহ ৮ হাজার ৩৩৭টি এমপিও দেওয়ার তথ্য পাওয়া গেছে। ৮৪১টি আবেদন বাতিল করা হয়। বাতিলের তালিকা থেকে পরে কত আবেদন অনুমোদন করা হয়েছে তা তিনি দেখাননি। আবেদনগুলো সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি করা হলেও এখন আর প্রদর্শিত হয় না জানিয়েছেন ডিডি। অথচ সরকারের এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, আবেদনের প্রিন্ট আউটে স্বাক্ষর করে তা সংরক্ষণ করতে হবে।
সিলেট আঞ্চলিক অফিসে আর্থিক ব্যয় ও কেনাকাটায়ও অনিয়ম পেয়েছে তদন্ত দল। ২০১৭ থেকে ২০২০ সালের কেনাকাটা ও অর্থ ব্যয়ের আংশিক কাগজপত্র তদন্তের প্রথম দিন দেওয়া হলেও পরে আর কাগজপত্র দিতে অস্বীকৃতি জানান তিনি।
আংশিক কাগজপত্র পর্যালোচনা করে কমিটি দেখতে পায়, মালামাল কেনার নথিতে অনুমোদন ও চাহিদাপত্র নেই। কেনা মালামালের স্টকের রেজিস্ট্রার নেই। মালামাল খন্ডে খন্ডে কেনা হয়েছে। বিক্রেতাকে টাকা পরিশোধ করা হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রায় প্রতিটি বিলেই ক্যালকুলেটর ও স্ট্যাপলার কেনা হয়েছে দেখানো হলেও তা গ্রহণকারীর তথ্য পাওয়া যায়নি। প্রাপ্যতা যাচাই ছাড়াই কর্মচারীদের পোশাক সরবরাহে ব্যয় দেখানো হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে ব্যয় করা টাকা সরকারি কোষাগারে ট্রেজারির মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য বাজেট ব্যয়ের হিসাব না দেওয়া সরকারি কাজে অসহযোগিতার শামিল বিধায় ডিডি জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলো।
এ ছাড়া এমপিওভুক্তির আবেদন রিজেক্ট করা এবং পুনরায় অনুমোদন করার ক্ষেত্রে সিন্ডিকেটের অবস্থান প্রমাণিত। এ ক্ষেত্রেও তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
