শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ২২০টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ৭৩৭ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। কিন্তু এরই মধ্যে আজমত উল্লা খানকে গাজীপুর সিটি করপোরেশনে বিজয়ী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আজ বৃহস্পতিবার তিনি তার ভ্যারিফাইড ফেসুবক পেইজে আজমত উল্লা খানকে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মুজিব আদর্শের জয়; পুষ্পিত শুভেচ্ছা-অভিনন্দন আইন বিভাগের শ্রদ্ধাভাজন অগ্রজ Adv Azmat Ullah Khan ভাই ❤️। তবে কিছুক্ষণ পরই তিনি তার পোস্টটি ডিলিট করে দেন।

৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিতে ঘড়ি প্রতীক নিয়ে জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৫৮ হাজার ২৫ ভোট। আজমত উল্লাহর চেয়ে জায়েদা খাতুন ১০ হাজার ৭৭৫ ভোটে এগিয়ে রয়েছেন।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।
সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।’
এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’
এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩ হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ৬ হাজার ৯৯৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
