ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা সপ্তাহ পালন

জামালপুরঃ জেলার মেলান্দহ উপজেলায় ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীদের ডেকে নিয়ে‘ভূমি সেবা সপ্তাহ’পালন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়া কোন সেবা গ্রহীতাকে দেখা যায়নি।

জানা যায়, রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি প্রথমপত্রের ক্লাস বাদ দিয়ে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ডেকে নিয়ে যায়।

সোমবার (২২মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের পাশে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের স্টল উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুথী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, এখানে কি প্রোগ্রাম হবে আমরা জানি না। আমাদের কে স্যাররা পাঠিয়েছেন। এ সময় আমাদের ইংরেজি ক্লাস হতো।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান বলেন, ‘আমাকে উপজেলা একাডেমি সুপারভাইজার আশরাফুল ফোন দিয়ে বলেন, ইউএনও ও এসিল্যান্ড ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৫০জন শিক্ষার্থী নিয়ে উপজেলায় যেতে। পরে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীরা সেখানে যায় এবং এক ঘণ্টা থেকে চলে আসে।

অভিযোগের বিষয়ে আশরাফুল আলম বলেন, ‘ভূমি সেবা সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য ইউএনও স্যার বলেছিলেন, তাই ওই স্কুলের স্যারকে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য বলেছিলাম’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘এখন এসএসসি পরীক্ষা চলছে। ভূমি সেবা শিক্ষামূলক। আর স্কুল তো বন্ধ। এটাতো অনেকটা ক্লাসের মতোই ছিল। ভূমি সেবা সম্পর্কে শিক্ষার্থীরা জানল’।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.