ফাইল ছবি

মুখস্থ বিদ্যায় আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা অসম্ভব: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। ভবিষ্যতে মূল দক্ষতা হবে শিখতে পারা। আর আমরা সেভাবেই শিক্ষার্থীদের তৈরি করছি।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় দিবসগুলোতে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে একজন শিক্ষার্থীর যোগাযোগ দক্ষতা, চিন্তার দক্ষতা, সমস্যা সমাধানসহ অনেকের সঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে। যে শিক্ষার্থী যত বেশি সৃজনশীল ও মুক্তচিন্তা করবে, সেই শিক্ষার্থী এসব বিষয়ে ততই দক্ষ হয়ে উঠবে।

দীপু মনি বলেন, শিক্ষা ব্যবস্থায় রূপান্তর ঘটানোর জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে এসেছি। নতুনভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারব। আগামী ২০২৫ সালের মধ্যে সব শ্রেণিতে নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘ঢাকার বাইরের শিক্ষার্থীরা সৃজনশীল কাজে অনেক বেশি জড়িত। সেই তুলনায় ঢাকা কিংবা চট্টগ্রামের শিক্ষার্থীরা সেভাবে জড়িত নয়। শহরের শিক্ষার্থীদের পড়ালেখার বাইরে কিছু করতে দেয়া হয় না। বলা যায়, শহরের শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করছেন।’

রেজাল্ট নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ফলাফল নির্ভর থাকলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আমরা ধরতে পারব না। একজন শিক্ষার্থী মুখস্থ করে ভালো ফল করলেও, শিল্প বিপ্লবের পর্যায়ে এসে তাকে নতুন করে শিখতে হবে। তা না হলে সে টিকে থাকতে পারবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.