নড়াইলঃ তথ্য-পরিচয় গোপন করে নড়াইলে মেয়ের এসএসসির পরীক্ষাকেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করায় মো. শরিফুল ইসলাম নামে এক শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১ মে) নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নাসির উদ্দিন তার বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফুল ইসলাম নড়াইল সদর উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মেয়ে শিবানা খাতুন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৪ নম্বর রুমে পরীক্ষা দিচ্ছে শিবানা। ওই কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করছিলেন তার বাবা শরিফুল ইসলাম।
তবে ৩টি বিষয়ে পরীক্ষার পর বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষের নজরে আসে। ওই দিন থেকে শরিফুল ইসলামকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজ (রোববার) চূড়ান্তভাবে পরীক্ষার সব দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব নাসির উদ্দিন বলেন, শরিফুল ইসলামের মেয়ে এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সেটি আমরা জানতাম না। জানার পরপরই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেয়ের পরীক্ষার তথ্য গোপন করে তিনি গুরুতর অপরাধ করেছেন। এ কারণে তাকে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ বলেন, তথ্য গোপন করে শরিফুল ইসলাম ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বহিষ্কারে পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
