এইমাত্র পাওয়া

ভবন থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢাকাঃ রাজধানীর হাজারীবাগে একটি মাদ্রাসা ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে আহত শিক্ষার্থী রাকিবুল হাসান (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল টাউন শাহজাহান স্যার রোডে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২০৪ নম্বর ওয়ার্ডে সকালে তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আল-আমিন রাসূল (সা.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ শিক্ষক সাইফুল ইসলাম জানান, মাদ্রাসাটির নাজেরা বিভাগে পড়ত রাকিবুল। পাঁচতলা ভবনটির একেবারের ওপর তলায় মাদ্রাসা। সেখানেই থাকত শিক্ষার্থীরা। তবে ভবনটির চতুর্থ তলার পুরোটা এখনো ফাঁকা। সেখানে কোনো বাসা তৈরি হয়নি। সেই ফ্লোরেই গতকাল শুক্রবার সন্ধ্যায় খেলাধুলা করছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। মাগরিবের নামাজের আগ মুহূর্তে তাদের নামাজের প্রস্তুতি নেওয়ার কথা বললে যার যার মতো সেখান থেকে চলে আসে। এ সময় ভবনের এক পাশ দিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। দেখতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

মৃত রাকিবুলের চাচি খাদিজা বেগম জানান, তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বর্তমানে হাজারীবাগ বারইখালি ১০ নম্বর গলিতে থাকে শিশুটির পরিবার। দুই ভাইয়ের মধ্যে বড় রাকিবুল। তার বাবা আনিসুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.