ঢাকাঃ কীটনাশক দিয়ে তালগাছ মারার কারণে চার লাখ টাকা জরিমানা হয়েছে এক শিক্ষকের। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেয়। রাজশাহীর বাগমারা উপজেলার করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলী প্রামানিককে এ জরিমানা করা হয়েছে।
সরকারি সড়কের পাশে তালগাছ মেরে ফেলার দায়ে স্থানীয় মাদ্রাসার চাকরি থেকেও শাহরিয়ার আলীকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক।
‘সড়কের পাশের অর্ধশত তালগাছ মারতে বাকল তুলে কীটনাশক প্রয়োগ করলেন আ.লীগ নেতা’ শীর্ষক একটি প্রতিবেদন গত ২৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশ হয়। পরে এ নিয়ে ছাপা হয় সম্পাদকীয়। এ প্রতিবেদন দেখে ১ ফেব্রুয়ারি ভাষার মাসের প্রথমদিনে বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, ‘খবরের উল্লেখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের অঙ্গীকারকে বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত রুল দিচ্ছি।’
রুলে ৫০টি তালগাছ মেরে ফেলতে কীটনাশক প্রয়োগের জন্য কেন শাহরিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এই রুলের দীর্ঘ শুনানি শেষে রায় দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন আদালত।
বৃহস্পতিবার আদালতে শাহরিয়ার আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদুল হক জাহিদ। সংশ্লিষ্ট জাতীয় দৈনিকের পক্ষে ছিলেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। তিনি বলেন, আদালত শাহরিয়ার আলীকে চার লাখ টাকা জরিমানা করেছে। এই জরিমানার টাকা স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে দিতে বলা হয়েছে। কৃষি কর্মকর্তা এই টাকা দিয়ে জীবিত তালগাছগুলোর পরিচর্যা করবেন। আর যে গাছগুলো মারা গেছে সেখানে নতুন করে গাছ লাগাবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, একই সঙ্গে অভিযুক্ত শাহরিয়ার আলীকে তার চাকরি থেকে বহিষ্কার করতে মাদ্রাসাবোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আদেশের কপি জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠাতে বলা হয়েছে, যাতে দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
অন্যদিকে শাহরিয়ার আলীর পক্ষের আইনজীবী মো. জাহিদুল হক জাহিদ বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। তবে মক্কেল চাইলে আপিল করা হবে।
রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে থাকা ৫০টি তালগাছ মারতে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগের ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি চরম ভৎসনা করেছিল হাইকোর্ট। পরে তলবে হাজির হলে পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত। তদন্ত দেখে প্রতিবেদন দেখে বৃহস্পতিবার তাকে জরিমানা করে আদেশ দেয়া হয়।
আদালতের আদেশে আরও বলা হয়, ‘বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা যৌথভাবে সরেজমিন তদন্ত করবেন। উল্লেখিত গাছগুলোর ছবিসহ প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে আদালতে দাখিল করবেন।’
প্রতিবেদন দাখিলের সময় বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তাকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন আদালত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
