লক্ষ্মীপুরঃ জেলার চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে চলন্ত পাখা খুলে পড়ে ফাহিমা আক্তার (১৩) নামে এক ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ওই বিদ্যালয়টিতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফাহিমার চোখের ওপরে কপালের অনেকাংশ কেটে যায়। এতে সাতটি সেলাই লেগেছে। স্থানীয় চাঁদখালী বাজারের পল্লী চিকিৎসক বিপ্লব দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈদ্যুতিক পাখা খুলে গায়ে পড়ায় ফাহিমা ভয় পেয়েছে। তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে। আহত ফাহিমা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখাগুলো সমস্যা করে যাচ্ছে। মাঝে মাঝে খুলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতো। শিক্ষকদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। সঠিক সময়ে পাখাগুলোর ত্রুটি সমাধান করলে এখন আর খুলে পড়ত না। ফাহিমাকেও দুর্ঘটনার শিকার হতে হতো না।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ চুয়ে বর্ষায় পানি পড়ে। ছাদটি ড্যামেজ হওয়ায় পাখার নাট-স্ক্রুগুলো দুর্বল হয়ে গেছে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। অন্য কোনো উপায় না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও ভবনটিতে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। একটি ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। তবে ফাহিমার আহতের বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
