এইমাত্র পাওয়া

সন্তানকে বালিশচাপায় হত্যার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নীলফামারীঃ জেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে চার মাসের ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক একেএম সৈয়দ জাকারিয়া শেখের (৫৫) বিরুদ্ধে। গত শুক্রবার রাত ৩টার দিকে নীলফামারী পৌরশহরের দক্ষিণ হাড়োয়া ফকিরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার দুপুরে থানায় মামলা হলে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। সৈয়দ জাকারিয়া শেখ সৈয়দপুর উপজেলার সোনাখুলি কামিল মাদ্রাসার প্রভাষক। তার বাড়ি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল শেখপাড়ায়।

তবে এই শিক্ষকের প্রথম স্ত্রীর সন্তানদের অভিযোগ, তাদের বাবার দ্বিতীয় স্ত্রী আয়শা সিদ্দিকা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে তাদের অসুস্থ বাবাকে ফাঁসিয়ে দিচ্ছে।

নিহত শিশুটির মা আয়শা সিদ্দিকার ভাষ্যমতে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আট বছর আগে জাকারিয়া শেখ তাকে বিয়ে করেন। চার মাস আগে তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সপ্তাহখানেক আগে স্বামী জাকারিয়ার কাছে বিয়ের কাবিননামার কাগজটি চাইলে তিনি তা না দিয়ে ঝগড়া শুরু করেন। এদিকে কয়েক দিন ধরে অসুস্থ থাকায় শিশুটি রাতে কান্নাকাটি করত। গত শুক্রবার গভীর রাতেও খুব কান্নাকাটি করায় বিরক্ত হন স্বামী জাকারিয়া। বিরক্ত হয়ে শিশুটির মুখে বালিশ চাপা দেন। আর তাতে শ্বাসরোধ হয়ে মারা যায় শিশুটি।

তবে জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে প্রিয়াঙ্কা খাতুন বলেন, গত সপ্তাহে বাবা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। তিনি আমার দ্বিতীয় মায়ের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। বাবার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বাবার দ্বিতীয় স্ত্রী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে বাবাকে ফাসিয়ে দিয়েছেন।

নীলফামারী সদর থানার ওসি (অপারেশন) পলাশ ম-ল বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা আয়শা সিদ্দিকা মমতা হত্যা মামলা করলে একেএম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.