চট্টগ্রামঃ জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র তৈরি করে টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্র তৈরির কাজে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন জাল প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বুধবার নগরের বাকলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়খোপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে আহমেদ রেজা খান রিজভী, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতরিয়া এলাকার মো. ছাবের আহমেদের ছেলে মো. রিফাত ও আনোয়ারা উপজেলার পূর্ব কর্নারা এলাকার আব্দুল কালামের ছেলে মো. আরমান। এর মধ্যে আহমেদ রেজা খান রিজভী চক্রের মূলহোতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, বাকলিয়া থানা এলাকায় এসএসসি ও সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে বিক্রি করে আসছে একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের সাহায্যে জাল প্রশ্নপত্র তৈরি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেন তারা। তাদের কাছ থেকে প্রশ্নপত্র তৈরিতে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন জাল প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, আগে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেট থেকে সংগ্রহ করতো চক্রটি। এরপর মোবাইল ও ল্যাপটপের সাহায্যে এডিট করে বর্তমান সময়ের পরীক্ষার প্রশ্ন বলে বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করতো।
এ কাজে ফেসবুক পেজকে ব্যবহার করতো তারা। পেজে পূর্বের পরীক্ষার জাল প্রশ্নপত্রের নমুনা পোস্ট করে ক্যাপশনে আরো প্রশ্ন হাতে আছে বলে জানাতো। সেটি দেখে কেউ প্রশ্নপত্র নিতে রাজি হলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিতো টাকা। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিজেদের তৈরিকৃত জাল প্রশ্নপত্র সরবরাহ করতো। বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র আদান-প্রদানের বিষয়ে কথোপকথন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, গ্রেফতারকৃত আহমেদ রেজা খান রিজভী ওরফে প্রিন্স ধ্রুব নগরের বিবিরহাট এলাকার একটি মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র এবং জাল প্রশ্নপত্র চক্রের মূলহোতা। রিফাত ও আরমান দুজনই পটিয়ার একটি কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। ২০২২ সাল থেকে তারা এ ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানায়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
