গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ঘিরে দুই শিক্ষকের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। এ নিয়ে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ প্রদানের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক শিক্ষার্থী ভিসিসহ বিভিন্ন দফতরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: হাসিবুর রহমানের বিরুদ্ধে মার্ক টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ আনে। এ সময় শিক্ষার্থীরা সুমাইয়া আফনান নাহিন নামের এক মেয়ের মার্ক টেম্পারিং করা হয়েছে বলে অভিযোগ করেন। পরবর্তীতে এই বিষয়ে লিখিতভাবে প্রতিবাদলিপি দেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী।
অপর দিকে গতকাল সোমবার সুমাইয়া আফনান নাহিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো: আবু সালেহর বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের লিখিত অভিযোগ প্রদান করেছেন। এ অভিযোগে ড. সালেহর বিরুদ্ধে ফাতেমা নামক এক ছাত্রীকে সুবিধা দেয়ার কথা উল্লেখ আছে। এ ছাড়া একটি লিখিত অভিযোগে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের মাধ্যমে সংবাদ প্রকাশের পর ট্রল ও সাইবার বুলিংয়ের কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে বশেমুরবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি কে এম ইয়ামিনুল হাসান আলিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন হিসেবে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ সম্পর্কে আমরা তথ্য প্রকাশ করি। এটি আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সব বিষয়ে আমরা বরাবরের ন্যায় নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সচেষ্ট আছি।
এ দিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের মধ্যে দফায় দফায় মিটিং হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগে অভিযুক্ত একই বিভাগের এই দুই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক নেতা। ড. মো: হাসিবুর রহমান শিক্ষক সমিতির সাবেক সভাপতি। অন্য দিকে ড. মো: আবু সালেহ শিক্ষক সমিতির পর পর দুইবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে একাধিক মিটিং হলেও সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো: আবু সালেহ বলেন, নাহিনকে এ প্লাস দিতে আমাকে বারবার চাপ প্রয়োগ করেছেন ড. হাসিব। তার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে, তাদেরকে হুমকি প্রদান করা হচ্ছে, টাকা অফার করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করলেই সব রহস্য বের হয়ে আসবে।
এ দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. হাসিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। নিজের মতো করে সাজিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
