এইমাত্র পাওয়া

স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

মানিকগঞ্জঃ জেলার সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৯ মে) সকালে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জামাল উদ্দিন লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। এ ছাড়া তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে শিক্ষক জামাল হোসেন ও তাঁর সহকর্মী বিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক শিক্ষক আবুল হোসেন বিদ্যালয়ে রওনা দেন। পৌনে আটটার দিকে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় দুই যুবক লাঠি দিয়ে আঘাত করে। এতে ওই দুই শিক্ষক মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর পেছন থেকে একটি মোটরসাইকেলে আরও দুই যুবক সেখানে উপস্থিত হন। তাঁরা চাপাতি বের করে জামাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হামলাকারীরা পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় জামাল উদ্দিনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, মোটরসাইকেলে হিজলাইন এলাকায় যাওয়ার পর সেখানে আগে থেকে অবস্থান করা দুই যুবক লাঠি দিয়ে শিক্ষক জামালের হাতে আঘাত করেন। পরে পেছন থেকে আরও দুই যুবক এসে লোহার চাপাতি দিয়ে তাঁকে (শিক্ষক জামাল) এলোপাতাড়ি কোপান। তবে হামলাকারীদের চিনতে পারেননি তিনি।

জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হাসপাতালে নিয়ে আসা ওই শিক্ষকের মাথায় একটি, ডান পায়ে দুটি, বাম পায়ে একটি, ডান হাতে দুটি, বাম হাতে চারটি এবং পিঠে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরামর্শ দেওয়া হয়েছে।

আহত শিক্ষক জামাল উদ্দিনের বড় ভাই নূরুল ইসলাম বলেন, গুরুতর আহত হওয়ায় তাঁর ভাই কথা বলতে পারেননি। কারা এই হামলা করেছেন, তা তাঁরা জানতে পারেননি। তাঁরা মামলা করবেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.