ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী জুলাই মাসে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
গত শুক্র ও শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয়া লক্ষাধিক প্রার্থীর খাতা এনটিআরসিএ কার্যালয়ে আসতে শুরু করেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষা নেয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরো ১৫ দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বপরি ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। বিধান অনুযায়ী ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৬০ দিন পূর্ণ হবে আগামী ৪ জুলাই।
১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, আমাদের বিধান আছে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে।
তিনি আরও বলেন, বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলো থেকে খাতা আসতে শুরু করেছে। এসব খাতা পরীক্ষকদের কাছে পাঠানো হবে। সেগুলো দেখা শেষে ফেরত এনে ফল প্রস্তুত করা হবে। এসব কাজে কিছুটা সময় লাগবে। খাতা দেখা ও ফল প্রক্রিয়ায় কতটুকু সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। তবে, আশা করছি বিধি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে।
গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী। গত ৫ মে অনুষ্ঠিত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭ হাজার ২৭৪ জন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৫৬০ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেলেও ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী এ পরীক্ষা দিয়েছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
