এইমাত্র পাওয়া

সভাপতির ‘হুমকির’পর প্রধান শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামঃ বাজে মন্তব্য এবং ক্ষমতা কেড়ে নেওয়ার হুমকির পর ‘মানসিক চাপে’ প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জাহাঙ্গীর আলম নামের ওই শিক্ষকের স্ত্রী নাজমা সুলতানা সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুলের হকের আদালতে এই মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে ফটিকছড়ি উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী, শিক্ষক মাহবুব আলম, পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি শহীদুল আলম চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী ও শিক্ষক নুরুল আজম।

বাদীর আইনজীবী মনজুর আলম বলেন, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্ত করে ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে পরদিন মারা যান শিক্ষক জাহাঙ্গীর আলম।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি শহীদুল নিজেকে প্রভাবশালী হিসেবে উল্লেখ করে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। আর প্রধান শিক্ষকের সব ক্ষমতা কেড়ে নেয়ার হুমকি দেন কমিটির সভাপতি।

অনুষ্ঠানের পর জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

আইনজীবী মনজুর আলম জানান, জাহাঙ্গীর আলমকে মানসিকভাবে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই ৩০২, ৩০৪, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.