ঢাকাঃ রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা।
রবিবার (৭ মে) সকাল ১০টার দিকে এনটিআরসিএ কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাবি আদায়ে অবস্থান নেন চাকরিপ্রার্থীরা।
এনটিআরসিএ কর্তৃক ক্রটিপূর্ণ ফলাফলের দ্রুত সমাধান চান তারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ইস্কাটন এলাকা। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়ে আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয়।
রমনা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটা ভিআইপি এলাকা, এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তাই আপনারা এখানে কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন।
চতুর্থ গণবিজ্ঞপ্তিতিতে ভুক্তভোগী মেধাক্রমের ভিত্তিতে সুপারিশপ্রত্যাশী শিক্ষক ফোরামের আহ্বায়ক আনিসুর রহমান কথা বলেন পুলিশের সঙ্গে। পুলিশ আশ্বাস দেয়, এনটিআরসিএ সংশ্লিষ্টদের সঙ্গে তাদের দাবির বিষয়ে কথা বলিয়ে দিবে। পরে আন্দোলনকারীরা প্রাথমিকভাবে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে।
আন্দোলনকারীরা বলেন, এনটিআরসি কর্তৃক প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তির ক্রটিপূর্ণ ফলাফল বাতিল করতে হবে। কর্তৃপক্ষের অনিয়মের কারণে মেধায় এগিয়ে থেকেও সুপারিশবঞ্চিত প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
আনিসুর রহমান বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পছন্দ দিয়েছিলাম। কিন্তু সেগুলোতে আমাদের সুপারিশ করা হয়নি। কিন্তু আমাদের চেয়ে মেধাতালিকায় পিছিয়ে থাকা অনেকেই ওইসব প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে। আমরা এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। যে কারণে আজকে আমরা এখানে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
