দেশসেরা হয়েও যে কারণে ডেন্টালে ভর্তি হতে চান না অর্থী

নিউজ ডেস্ক।।

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন অর্থী ঘোষ। তবে ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েও ডেন্টাল কলেজে ভর্তি হতে চান না তিনি।
অর্থী ঘোষ এর আগে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১৬তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন।

শনিবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় প্রথম হব। তবে আমি ঢাকা মেডিকেল কলেজে ইতোমধ্যেই ভর্তি আছি। আমার পরিকল্পনা সেখানেই থাকব। ডেন্টালে ভর্তি হওয়ার বিষয়ে আপাতত ভাবছি না। কারণ, এমবিবিএস পড়লে যে কোনো ধরনের চিকিৎসক হতে পারব। আর যদি ডেন্টালে ভর্তি হই, আমি শুধু ডেন্টিস্ট হতে পারব। এক্ষেত্রে এমবিবিএস করলে আমার একটা স্বাধীনতা থাকবে। যেকোনো বিষয়ে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হতে পারব।

তিনি বলেন, ডেন্টালে ভর্তি পরীক্ষা দিয়ে শুধু আমি নিজের অবস্থানটা একটু যাচাই করেছি। সবাই পরীক্ষা দেয়। তাই আমিও একটু দিলাম।

অর্থী ঘোষ বলেন, ৩৭ হাজারের অধিক শিক্ষার্থীর মধ্য থেকে ভর্তি পরীক্ষা দিয়ে সারাদেশে জাতীয় মেধায় প্রথম হওয়া আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় আমি প্রথম হবো।

তিনি বলেন, প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তার কারণেই এমন একটি ফলাফল আমি আনতে পেরেছি। তারপর আমার মা-বাবা ও পরিবারের প্রতি কৃতজ্ঞ, একই সঙ্গে আমার শিক্ষকদেরও এই অর্জনের ভাগীদার মনে করি।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারার দড়িখরবোনা এলাকায় জন্ম অর্থী ঘোষের। তার বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মায়ের নাম আতসী সাহা। তিনি গৃহিণী। অর্থী ঘোষ ২০২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন সরকারি পিএন গার্লস স্কুল থেকে। আর ২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.