বিজ্ঞানের ছাত্র হয়ে পরীক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে

ঠাকুরগাঁওঃ এসএসসি পরিক্ষার্থী ফাহিম আহম্মেদ। জেলার সদর উপজেলার মথূরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। কিন্তু পরিক্ষার আগের দিন প্রবেশপত্র হাতে নিয়ে দেখেন রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগে। তাই তাকে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করেও পরিক্ষা দিতে হচ্ছে মানবিক বিভাগে। যা মেনে নিতে পারছেনা ফাহিম ও তার পরিবার।

শারীরিকভাবে অসুস্থ্য থাকায় রেজিস্ট্রেশনের সময় বিদ্যালয়ে উপস্থিত হতে না পেরে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূলের কারণে ফাহিমের রেজিস্ট্রেশন হয় মানবিক বিভাগে। আবার রেজিস্ট্রেশনের পরে প্রিন্ট কপিতেও তাকে না জানিয়ে স্বাক্ষরও নেওয়া হয় এমন অভিযোগ তুলছেন ফাহিম।

ফাহিমের সহপাঠিরা জানান, দুই বছরে কোন শিক্ষক বলেনি তার রেজিস্ট্রেশন মানবিক বিভাগে হয়েছে। একসাথে বিজ্ঞান বিভাগে পড়ালেখাসহ ফরম ফিলাপ করেছি। ব্যবহারিক ক্লাশ গুলোও এক সাথেই করেছি। তাহলে ফাহিম মানবিকে কেমন করে হয়?

ফাহিম বলেন, দুই বছর বিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছি। বিজ্ঞান বিভাগের জন্য যে ফি দিতে লাগে তা দিয়ে ফরম ফিলাপও করেছি। বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে আমি মানবিক বিভাগে কেমন করে পরিক্ষা দেব। বিষয়টি দেখার পরে বিদ্যালয়ে যোগাযোগ করলে প্রধান শিক্ষক আমাকে পরিক্ষায় অংশ গ্রহণ করতে বলে। সে কারণে বাংলা পরিক্ষায় অংশ গ্রহণ করেছি। আমার বিভাগ পরিবর্তন না হলে আমি মানবিকের বিষয়গুলো পাশ করতে পারবনা। একটি ভুলের কারণে আমার ১০ বছরের স্বপ্ন ভঙ্গের পথে।

ফাহিমের মা ফাতেমা বেগম বলেন, অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়ালেখা করাচ্ছি। আমার ছেলের সাথে এমন হয়েছে কিছুতেই মেনে নিতে পারছিনা। পরিক্ষার আগের দিন থেকে বিষয়টি জানার পরে দ্বারে দ্বারে ঘুরছি। আমার ছেলেকে নিয়ে খুব আতংকে আছি। কোন সময় কি করে বসে বুঝতে পারছিনা। যে সময় রেজিস্ট্রেশনের কাগজে স্বাক্ষর নেয় তখন ফাহিম অসুস্থ্য ছিল। তারা না বলে স্বাক্ষর নিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করবে বলেছেন। সমাধান না হলে আমার ছেলের জীবন নষ্ট হয়ে যাবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মথূরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এ ভুলের জন্য ফাহিম দায়ী। তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিকে। সে দেখে শুনে প্রিন্ট কপিতে স্বাক্ষর করেছে। পরিক্ষার ১০ দিন আগে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তখন কিছু বলেনি পরিক্ষার আগের দিন বিষয়টি অবগত করেছে। এতে আমরাও বেশ বিব্রত। তার ইচ্ছে অনুযায়ি বিভাগ পরিবর্তনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে চেষ্টা চলছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল হাসান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্রসহ আসলে সংশোধনের চেষ্টা করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.