বরগুনাঃ জেলার বেতাগীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম সালাহউদ্দিন (২১)। তিনি মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বেতাগী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, বরগুনা বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মুনসুর বেপারীর (৪০) ছুরিকাঘাতে সালাহউদ্দিন নামে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি মুনসুর বেপারীকে বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের খেয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহত সালাহউদ্দিনের স্বজনদের কাছ থেকে জানা যায়, রবিবার সন্ধ্যায় মোকামিয়া লঞ্চঘাট এলাকায় জাহাঙ্গীরের চায়ের দোকানের পাশের রাস্তায় দাঁড়িয়ে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণ জানা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে সালাহউদ্দিন সাল্লু ও মুনসুর বেপারী। আশেপাশে লোকজনের উপস্থিতি বাড়লে হঠাৎ একটি ছুরি বের করে সালাহউদ্দিন সাল্লুর পেটের পেছনের দিকে সজোরে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে স্থানীয়রা সালাউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সঙ্গে জড়িত মুনসুর বেপারীকে ভোর রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
ইউনিয়ন চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, সালাউদ্দিন সাল্লুর পারিবারিক অবস্থা বেশি ভালো না। পরিবারের খরচ ওকেই জোগাড় করতে হতো। সাল্লুর পুরো পরিবার আজ অসহায়। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
নিহত সালাউদ্দিন সাল্লুর সহপাঠী জাহিদ সিকদার বলেন, বন্ধুর এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওকে যারা হত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি মুনসুর বেপারীকে ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অন্য কেউ জড়িত আছে কিনা, এ বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
