হবিগঞ্জঃ জেলার মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যকে (৪৫) এক যুবক অতর্কিতে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য জানান, অফিস শেষ করে হবিগঞ্জে বাসার উদ্দেশ্যে তিনি বের হন। উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রাস্তায় পৌঁছামাত্রই অজ্ঞাত এক যুবক তাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পথচারীরা দৌড়ে এগিয়ে এলে হামলাকারী যুবক দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। হামলাকারীর আঘাতে তার কানের নিচে কয়েকটি সেলাই লাগে এবং বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।
খবর পেয়ে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেন এবং দ্রুত হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীকে শনাক্ত করার জন্য কাজ চলছে। মাধবপুর শিক্ষা অফিসের অফিস সহকারি আজহারুল ইসলাম জানান, দুপুরের দিকে এক যুবক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য অফিস থেকে কখন বের হবেন তার কাছে জানতে চান। তবে কী কারণে ওই যুবক শিক্ষা কর্মকর্তার প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা করলেন তা তিনি বুঝতে পারছেন না।
মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে ওপর অজ্ঞাত যুবকের হামলার নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
