এইমাত্র পাওয়া

মানবিকে পড়ে বিজ্ঞান শাখার প্রবেশপত্র পেল জয়নাল

ময়মনসিংহঃ জয়নাল মিয়া দুই বছর ধরে পড়ালেখা করছে মানবিক শাখায়। এবারের দাখিল পরীক্ষায় তার প্রবেশপত্রও আসার কথা ছিল মানবিক শাখার, কিন্তু এসেছে বিজ্ঞান শাখার। মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় তাই পরীক্ষায় অংশ নিতে পারছে না এই শিক্ষার্থী। তবে কর্তৃপক্ষের দাবি, আগে প্রিন্ট আউট কপি দেখিয়ে শিক্ষার্থীদের স্বাক্ষর নেওয়া হয়েছে। এই ভুল তাদের নয়।

জয়নাল মিয়া নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউপির ঘোষপালা গ্রামের দিনমজুর সিরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় ঘোষপালা ফাজিল মাদ্রাসার মানবিক শাখার নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থী। আগামী রোববার সারা দেশে এই পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে বৃহস্পতিবার মাদ্রাসার অন্য শিক্ষার্থীর সঙ্গে জয়নাল মিয়াও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পায়। যার রোল নম্বর- ৪০৩৩৭২ এবং রেজিস্ট্রেশন নম্বর- ২০১৮৯৪৫৫২৮। কিন্তু মানবিক শাখার শিক্ষার্থী হলেও উভয় কার্ডে তাকে বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ দুই বছর মানবিক শাখায় পড়ালেখা করার পর বিজ্ঞান শাখার শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে হবে জেনে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হবে না জানিয়ে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী।

দিনমজুর সিরাজ মিয়া বলেন, ‘আমি গরিব-নিরক্ষর মানুষ। অন্যের বাড়িতে কাজ কইরা খাই। ছেড়াডার (ছেলেটার) ফরম কিলাপের (পূরণ) টেহাডাও (টাকা) জোগাড় করতে পারছি না, পরে আরেকজনে দিছে। অহন হুনতাছি (শুনছি) ছেড়াডা আমার পরীক্ষা দিত পারত না।’

জয়নাল মিয়ার ভাষ্য, গত বৃহস্পতিবার মাদ্রাসায় গেলে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে দেওয়ার আগে তার স্বাক্ষর নেন শিক্ষকরা। তারপর মানবিক শাখার স্থলে বিজ্ঞান শাখা দেখতে পায় সে। তাৎক্ষণিক শিক্ষকদের জানালে এখন তাদের কিছু করাই নেই বলে দাবি করেন।

জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আগে এসবের প্রিন্ট আউট কপি তাদের দেখানো হয়েছে। সব ঠিকঠাক থাকার পর স্বাক্ষরও নেওয়া হয়েছে। এখন এসব বিষয়ে প্রশ্ন তোলা কি ঠিক? দু-একটি বিষয় পরিবর্তন হলে করে দেওয়া যেত। তবুও চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘এর দায়ভার মাদ্রাসার কর্তৃপক্ষকেই নিতে হবে। মাদ্রাসা সুপারের সঙ্গে কথা বলে দেখি কিছু করা যায় কিনা।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.