নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (লেভেল-১) সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ মে সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু। আবেদনের শেষ সময় ২২ মে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) চুয়েট, কুয়েট ও রুয়েটের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা অনলাইনে http://103.157.135.35/index.htm আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি আপলোড হওয়ার পর জানা যাবে।
৩ হাজার ২০১ আসনের জন্য যোগ্য আবেদনকারীর মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট গ্রেড পয়েন্ট ও নম্বরের ভিত্তিতে শীর্ষ ৩৩ হাজার জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা ৩ জুন প্রকাশ করা হবে। আবেদনের ক্ষেত্রে পদার্থ, গণিত ও রসায়ন প্রতিটিতে গ্রেড পয়েন্ট ৫ করে মোট গ্রেড পয়েন্ট ১৫ এবং ইংরেজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকলে আবেদন করা যাবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
প্রার্থী GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল পাস করে থাকলে তাঁর ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের প্রতিটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/ সমমানের পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
এবারের ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ এবং নগর ও পরিকল্পনা বিভাগ, অর্থাৎ গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে। পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে সেরা ৩৩ হাজার আবেদন গ্রহণ করা হবে।
গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)–তে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)-তে ১ হাজার ৩০০ টাকা। চুয়েটে আসন ৯০১টি ও সংরক্ষিত ১১টি, কুয়েটে ১ হাজার ৬০ ও সংরক্ষিত ৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩০ ও সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
