টাঙ্গাইলের ধনবাড়ি সরকারি ডিগ্রী কলেজের পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে। এমনকি গাছ কাটার আগে কোনো মিটিং ও রেজুলেশন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) ঈদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কলেজের দুর্যোগ ভবনের সামনে থাকা পুরাতন একাশি প্রজাতির গাছটি কেটে বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতি প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামান।
শ্রমিকরা জানান, কলেজের প্রিন্সিপাল স্যার গাছটি কাটার জন্য বলেছেন। গাছটি কেটে গুড়িগুলো স-মিলে দেওয়া হবে। এরপর সেগুলো দিয়ে কি করবে জানি না।
নামপ্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষকরা জানান, গাছ কাটার বিষয়ে কোনো মিটিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। কলেজ বন্ধ তাই কোনো শিক্ষক কলেজে না যাওয়ার সুযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাছটি কাটিয়েছেন।
ধনবাড়ি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, গাছটি মরে যাওয়ার কারণে গতকাল সেটি কলেজের পিয়ন কেটে সমিলে পাঠিয়েছে। আমাকে না জানিয়ে সে গাছটি কেটেছে। গাছ কাটার জন্য সে কোনো অনুমতি নেয়নি।
ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবাড়ি ডিগ্রি কলেজের সভাপতি মো. আসলাম হোসাইন বলেন, গাছ কাটার বিষয়ে কিছুই জানানো হয়নি। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

