এইমাত্র পাওয়া

স্ত্রীর দাবিতে বুয়েট ছাত্রের বাসায় ইডেন ছাত্রী

স্ত্রীর অধিকার আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়িতে অনশনে বসেছেন ইডেন কলেজের এক ছাত্রী।

রোববার স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যানের মধ্যস্ততায় স্ত্রীর স্বীকৃতি পেলে অনশন ভাঙেন ওই ছাত্রী।

‘এর আগে গত শুক্রবার (২১ এপ্রিল) বিকাল থেকে অনশনে বসেন ইডেন কলেজের ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীর বাড়ি সাতক্ষিরার তালা উপজেলার কুমিরা এলাকায়। এই এলাকার মাস্টার সমেশ দের ছেলে সুব্রত দে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণীর বাড়ি বাগেরহাটে।

ভুক্তভোগী ছাত্রী জানান, ঢাকায় থাকার সুবাদে তাদের দুইজনের পরিচয় হয়। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে তারা প্রথমে নোটারি পাবলিক, পরে হিন্দু ধর্মমতে স্থানীয় মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর সুব্রতকে সংসার করার জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা করতে থাকেন।

এক পর্যায়ে সুব্রত পালিয়ে গেলে বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে তাদের বাড়িতে অনশনে বসেন। পরে রোববার সকালে স্থানীয় চেয়ারম্যান ও এলাকার ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়।

এ বিষয়ে অভিযুক্ত সুব্রতর বাবা সমরেশ দে জানান, ওই মেয়ে আমাদের বাড়িতে অনশনে বসেনি। সে ছেলের খোঁজে এসেছিল। বিষয়টি সামাজিকভাবে মিটেও গেছে। খুব শিগগিরই বৌমাকে ঘরে আনা হবে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.