নোয়াখালীঃ নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় তার সাবেক প্রাইভেট শিক্ষক আবদুর রহিম রনিকে (৩২) একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঘটনার সাত মাসের মধ্যে হত্যাকাণ্ডের আলামত, ডিএনএ পরীক্ষার রিপোর্ট ও আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তির কাগজপত্রসহ চার্জশিট দাখিল করা হয়েছে। একইসঙ্গে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এ মামলায় গ্রেফতার হওয়া আসামি মো. ইসরাফিলকে (১৪)।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলমের কাছে চূড়ান্ত চার্জশিট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা স্পেসল্যাব চৌধুরী প্রমোজ বলেন, ডিএনএ টেস্টে মামলার একমাত্র অভিযুক্ত আসামি আবদুর রহিম রনির জামায় অদিতার রক্ত পাওয়া গেছে। স্কুলছাত্রী অদিতাকে ধর্ষণের চেষ্টার পর গলা কেটে হত্যা করেছিল তার সাবেক প্রাইভেট শিক্ষক রনি। আদালতে রনির দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে মাইজদী পৌর এলাকার মিস্ত্রী বাড়ির পুকুর থেকে অদিতাদের ঘরে লাগানো তালার চাবি উদ্ধার করা হয়। যে বালিশ দিয়ে তাকে চাপা দেয়া হয়েছিল সে বালিশটিও উদ্ধার করা হয়েছে। ধস্তাধস্তির আঘাতের দাগও পাওয়া গেছে রনির মাথার অংশে। এ মামলায় ৩১ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলম বলেন, নিহত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতার প্রাইভেট শিক্ষক আবদুর রহিম রনিকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ৭ মে তা ১ নম্বর আমলি আদালতের বিচারক মোসলে উদ্দিন মিজানের আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার নিজ বাসায় খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা। ওইরাতে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতার রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। যা অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় বিছানায় পড়ে ছিল। ঘটনা ভিন্নখাতে নিতে রনি ঘরে থাকা ছোরা দিয়ে অদিতার হাত ও গলা কেটে রাখে। একই সঙ্গে ঘরের আলমিরাতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তাৎক্ষণিক অদিতার সাবেক প্রাইভেট শিক্ষক আবদুর রহিম রনিসহ তিনজনকে আটক করে।
এ ঘটনায় পরদিন নিহত অদিতার মা রাজিয়া সুলতানা বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের দুইদিন পর ২৪ সেপ্টেম্বর আবদুর রহিম রনি হত্যার দায় স্বীকার করে নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. এমদাদ আলীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
