এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর ট্যাব বিতরণে ৩ শিক্ষকের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

দিনাজপুরঃ জেলার খানসামায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে ৩ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ভেড়ভেড়ী কালিতলা উচ্চ বিদ্যালয় ও কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পাওয়া ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৯ম ও ১০ম শ্রেণির প্রথম ৩ শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষকরা নিজেদের পছন্দে তালিকা তৈরি করে পাঠানো হয়। সেই অনুযায়ী রোববার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ কমপ্লেক্স ট্যাব বিতরণের পর বিষয়টি জানাজানি হলে বঞ্চিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে।

কালিতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. ইশরাত জাহান বলেন, আমার রোল নম্বর ০৩ হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষক আব্দুল মান্নান ০৬ রোলের শিক্ষার্থীকে দিয়েছেন। যা নিয়মবহির্ভূত। এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লুবনা জাহান লিশাত বলেন, নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা থাকলেও আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বলেন, ২৩ রোলের ঐ ছাত্রী গরীব ও মেধাবী হওয়ায় তার নাম দিয়েছি। তবে পরে সেই ট্যাব ফেরত নিয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আর সেই ছাত্রীকে স্কুল থেকে একটি ল্যাপটপ কিনে উপহার দেওয়া হবে।

কালিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ইশরাত জাহান একজন অনিয়মিত ছাত্রী ও মেয়েটির বিয়ে হয়ে যায়। ট্যাব নেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। সেই কারণেই ৬ রোলের শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী স্কুল থেকে পাঠানো তালিকা অনুযায়ী ট্যাব বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় যদি কোন অসঙ্গতি থাকে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার বলেন, ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ ৩ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। পরিপত্র অনুযায়ী ট্যাব বিতরণ নিশ্চিত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩         

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.