নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের মানুষের গড় আয়ু ৫ মাস কমে ৭২ দশমিক ৩ বছরে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে এ তথ্য উঠে এসেছে। সোমবার বিবিএস এ তথ্য প্রকাশ করে।
এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। সেটি এখন ৭২ দশমিক ৩ বছরে নেমে এসেছে। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল।
বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১এর ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।
রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
