নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহদাত হোসেনকে ফেলো ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শারমিন সুলতানাকে সহযোগী ফেলো হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি।
তাদেরকে নিয়োগ দেওয়ায় রোববার (১৬ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সচিব হাসিনা খান স্বাক্ষরিত দুটি আলাদা নিয়োগপত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কাউন্সিল তাদের চতুর্থ সভায় একাডেমির সহযোগী ফেলো ও ফেলো হিসেবে নিয়োগ প্রদানের জন্য তাদের অনুমোদন প্রদান করেছেন। এই নিয়োগ দুটি যথাক্রমে সংবিধান ও প্রবিধানের অনুচ্ছেদ ৫ (৪) এবং ৪ অনুসারে দেওয়া হয়েছে।
অধ্যাপক শাহদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক (বিএসসি) এবং স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি ১৯৯৯ সালে জাপানের শিমানে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তিনজন প্রতিষ্ঠাতা শিক্ষকের একজন হিসেবে এ বিভাগে শিক্ষকতায় যোগ দেন।
অন্যদিকে অধ্যাপক শারমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০২ সালে স্নাতক (বিএসসি) ডিগ্রি এবং ২০০৩ সালে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেন। ২০১২ সালে যুক্তরাজ্যের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে প্লাজমা ফিজিক্সে তার ডক্টর অব ফিলসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি জাতীয় ফোরাম। এটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের কর্ণধার হিসেবে বিবেচিত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
