সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার বড়াইগ্রামে দোকান থেকে বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে শাওন আহমেদ (৯) নামে এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত ও তার বোন তৃষা (৪) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গড়মাটি ঘাটপাড়া এলাকায় নাটোর-পাবনা মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। শাওন ও তৃষা গড়মাটি ঘাটপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান এবং শাওন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন জানান, দুই ভাই-বোন সহপাঠীদের সাথে খেলার ফাঁকে দোকান থেকে বিস্কুট কিনতে যায়। বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শাওন ঘটনাস্থলেই নিহত ও তার বোন আহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হলেও বাস চালক পলাতক রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.