চবিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে আরো দুইদিন। ফলে ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া আবেদন ফি জমা দেওয়া যাবে ১৬ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি পরীক্ষার আবেদন আরো দুইদিন বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজারের বেশি আবেদন পড়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আর টাকা জমার শেষ সময় ১৬ এপ্রিল।

আবেদন ফি: এবার ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ-ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে আবেদন ফি দিতে হবে ৮৫০ টাকা। এ ছাড়া প্রসেসিং ফি দিতে হবে আরো ১০০ টাকা। অর্থাৎ, একটি ইউনিট অথবা উপ-ইউনিটের আবেদন করতে মোট ৯৫০ টাকা লাগবে, যা গত শিক্ষাবর্ষে ছিল ৮৫০ টাকা।

আবেদনে সংশোধনীর সুযোগ: ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রে যেকোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

ক্যাম্পাসে হবে পরীক্ষা: ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবারো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে না। তবে আগামী শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার যখন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী আগামী ১৬ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ২৪মে ও ২৫মে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউটের বিপরীতে চার হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.