পথশিশুদের প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে: বিবিএস

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮ দশমিক ৫ শতাংশ পথশিশু রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে এই সংখ্যা ১৮ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ দশমিক ৭ শতাংশ।

পথশিশুদের ৬৪ শতাংশই পরিবারে ফিরতে চায় না বলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘পথশিশু জরিপ ২০২২’ এ উঠে এসেছে।

এই জরিপটি পরিচালনায় সহায়তা করেছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।

ঢাকার দুটিসহ নয় সিটি করপোরেশনে পরিচালিত এই জরিপে দেখা যায়, পথশিশুদের মধ্যে ৮২ শতাংশ ছেলে এবং ১৮ শতাংশ মেয়ে শিশু রয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ২০ দশমিক ৪ শতাংশ এসেছে চট্টগ্রাম বিভাগ এবং সর্বনিম্ন ৪ দশমিক ৯ শতাংশ এসেছে সিলেট বিভাগ থেকে।

রাস্তায় বসবাসকারী শিশুরা পথচারীদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হয়। জরিপে অংশ নেওয়া শিশুদের প্রতি ১০ জনের মধ্যে আটজনই পথচারীদের দ্বারা নির্যাতন বা হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছে।

জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় চার ভাগের একভাগ পথশিশু ধূমপান করে এবং ১২ শতাংশ মাদকের নেশায় আসক্ত।

জরিপের প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, “প্রতিবেদনে উঠে আসা পথশিশুদের এই বাস্তব চিত্র দেশের পথশিশুদের পরিস্থিতি মোকাবিলায় নীতিমালা প্রণয়ন ও কর্মসূচি গ্রহণে সহায়ক হবে বলে আশা করা যায়।”

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, উন্নয়নের পেছনেও যে কান্না থাকে- আমাদের উন্নয়নের পেছনের কান্না এসব বঞ্চিত শিশু।

“দেশে কাউকে পেছনে না রাখার দর্শন নিয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন হচ্ছে, অথচ সেই উন্নয়ন পরিকল্পনায় এসব পথশিশু নেই।”

ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো বেদনাদায়ক। এই বিষয়গুলো কেবল আমাদের কাজ করার জায়গাগুলো দেখিয়ে দেয় না, রাস্তায় বসবাস ও কাজ করা শিশুদের জন্য আমাদের সহানুভূতি এবং সহায়তার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।”

জরিপে রাস্তা-ঘাটে বসবাসকারী শিশুদের মোট সংখ্যা না থাকলেও ইউনিসেফের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংখ্যা ১০ লক্ষের অধিক হতে পারে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.