এইমাত্র পাওয়া

এপ্রিলে দৈনিক আসছে প্রায় ৭ কোটি ডলার রেমিট্যান্স

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ রোজা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মাস এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ৫ হাজার ১০২ কোটি ৭২ লাখ টাকা। যা গড়ে ৬ কোটি ৮১ লাখ ডলার।

রবিবার (৯ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মার্চের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৪৭৬ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে মার্চ মাসে দেশে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রে‌মিট্যান্স এসেছে। যা বাংলাদেশি টাকায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। আর এটি ফেব্রুয়ারি মাসের চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। এ বছরের ৯ মাসে বেশি এসেছে ৭৪ কোটি মার্কিন ডলার।

বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

এ দিকে, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.