শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মেট্রো রেল নিরাপত্তায় পুলিশের ৩৫৭টি পদ সৃষ্টির প্রস্তাব আগামী মঙ্গলবার সচিব কমিটির বৈঠকে আবার উঠতে যাচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে এই বৈঠক হবে। এক বছর ধরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় ঘুরছে বিশেষায়িত ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব।
সচিব কমিটির প্রস্তাবে বলা হয়েছে, মেট্রো রেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্বতন্ত্র বিশেষ এই ইউনিট গঠন করা হচ্ছে। এর কার্যক্রম পরিচালনায় ৩৫৭টি পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে পুলিশ ক্যাডারের তিনটি পদ ও নন-ক্যাডারের পদ ৩৫৪টি। মেট্রো রেলের নতুন লাইন স্থাপিত হলে পুলিশের আরো পদ সৃষ্টি করা হবে। এসব কর্মকর্তার মধ্যে কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ৬০ জন ও এমআরটি লাইন-৬ বা উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজ করবেন ২৯৭ জন পুলিশ। লাইন-৬ সম্প্রসারণ ও নতুন লাইন স্থাপিত হলে জনবল আরো বাড়ানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, পুলিশের ৩৫৭টি পদ সৃষ্টির প্রস্তাব সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর এই ইউনিট চালু হবে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমআরটি পুলিশ গঠনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। যেহেতু এখনো ‘এমআরটি পুলিশ’ তাদের কার্যক্রম শুরু করতে পারেনি, তাই ডিএমপি তাদের রিজার্ভ ফোর্স দিয়ে কাজ করছেন। আশা করি, শিগগির সচিব কমিটি এই প্রস্তাব অনুমোদন দেবে।
তিনি বলেন, পদ সৃষ্টি হলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর কিছু প্রসিডিউর রয়েছে। সেটা শেষ হওয়ার পরই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, শুরুর দিকে রেলওয়ের পুলিশের অধীনে মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে পরিকল্পনা হয়। তবে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সভায় প্রধানমন্ত্রী মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিতে স্বতন্ত্র বিশেষায়িত এমআরটি পুলিশ ফোর্স দ্রুত গঠনের অনুশাসন দেন। এমআরটি পুলিশ ইউনিট গঠনে ২০২১ সালের মাঝামাঝিতে পুলিশ সদর দপ্তর ৮০৯ জন সদস্যের জনবলের একটি কাঠামো গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে একজন উপমহাপরিদর্শক, একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক, তিনজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার, তিনজন সহকারী পুলিশ সুপার, ১৪ জন পরিদর্শক, ২১ জন উপপরিদর্শক, একজন সার্জেন্ট, ৭৪ জন সহকারী উপপরিদর্শক, ২৫ জন নায়েক, ৬৩৯ জন কনস্টেবল রাখা হয়। তবে এর মধ্যে ৩৫৭ পদ সৃষ্টি অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ।
এক বছর ধরে ঘুরছে সচিবসভায়
জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের অনুমোদনের পর গত বছরের এপ্রিলে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে পদ সৃষ্টির প্রস্তাবটি পাঠানো হলে বিষয়টি আরো পরীক্ষা-নিরীক্ষাপূর্বক পুনরায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার পর জননিরাপত্তা বিভাগের সমন্বয়ে আন্ত মন্ত্রণালয় সভা হয়। আন্ত মন্ত্রণালয়ের মতামতের পর পদ সৃষ্টির প্রস্তাবটি মেট্রো রেল চালুর আগে গত ২৬ ডিসেম্বর ফের সচিব কমিটির সভায় পাঠানো হয়। কিন্তু প্রস্তাবটি আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। অবশেষে প্রস্তাবটি সচিব কমিটির সভায় আবার আগামী মঙ্গলবার উঠছে।
পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, মেট্রো রেলের জন্য আলাদা একটি ইউনিট খুব প্রয়োজন, যা শুধু মেট্রোর নিরাপত্তায় কাজ করবে। প্রতিদিন স্থাপনার নিরাপত্তা, শৃঙ্খলা ও যাত্রী সুরক্ষায় একটি বিশেষ ইউনিট গঠন সময়ের দাবি। এ ছাড়া মেট্রো রেলের প্রতিটি স্টেশনে এটিএম বুথ, ইলেকট্রিক সরঞ্জাম ও দোকান রয়েছে। প্রতি মুহূর্তে হাজার হাজার যাত্রী যাতায়াত করবে। এ জন্য প্রতিটি স্টেশনে পুলিশ ফাঁড়ি করতে হবে।
জানা গেছে, মেট্রো রেল কর্তৃপক্ষ ডিএমটিসিএলের মোট স্টেশন থাকবে ১০৪টি। এর মধ্যে উড়াল ৫১টি ও পাতাল হবে ৫৩টি। এ ধরনের স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ কখনো কাজ করেনি। তাই বিশাল এ প্রকল্পের নিরাপত্তায় অবশ্যই বিশেষায়িত ইউনিট প্রয়োজন।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি পুলিশের বিষয়ে এখনো অনুমোদন হয়নি। প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় মন্ত্রিপরিষদ বিভাগে আছে। তিনি বলেন, যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের বিশেষ কিছু বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এরপর তাঁদের হাতে বুঝিয়ে দেওয়া হবে মেট্রোর নিরাপত্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেট্রো রেল বড় একটি প্রকল্প। আর এই ইউনিট গঠন হলেও ঢাকা মহানগর পুলিশের বড় একটা অংশ নিরাপত্তায় কাজ করছে। এই ইউনিটের সদর দপ্তর থাকবে পূর্বাচলে। মেট্রো রেল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের চাহিদা অনুযায়ীই এমআরটি পুলিশ গঠন করা হচ্ছে। এই ইউনিটের প্রধান থাকবেন একজন ডিআইজি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
