স্কুল শিক্ষার্থীদের গান শেখাতে ১১১ কোটি টাকার প্রকল্প

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ লক্ষ্য শিশুদের গান শেখানো। পাশাপাশি স্কুলের শিশুদের শেখানো হবে জাতীয় সংগীত, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হামদ ও নাত। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য খরচ করা হবে ১১১ কোটি টাকা। দেশের অর্থনৈতিক সংকটের প্রাক্কালে এমন একটি প্রকল্প হাতে নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ শিশু একাডেমি।

গ্রামীণ শিশুদের সৃজনশীলতা বিকাশ শীর্ষক প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি টাকা। এর পুরো অর্থায়নই করবে সরকার। প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, স্কুলের ২২ হাজার ৬৮০ জন শিক্ষার্থীকে গানসহ সাংস্কৃতিক কার্যক্রম শেখানো হবে, আর আলিয়া ও কওমি মাদ্রাসার ৩ হাজার ৭৮০ জন শিক্ষার্থীকে শেখানো হবে হামদ ও নাত। এতে ব্যয় হবে ৩২ কোটি টাকা।

শিশুদের সৃজনশীল কাজের জন্য আট বিভাগীয় শহরে তৈরি করা হবে শো-রুম। এজন্য খরচ করা হবে ৪ কোটি ১২ লাখ টাকা। শিশুদের লালন-পালন ও অন্যান্য প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশনের জন্য খরচ করা হবে ৩২ কোটি টাকা।

এ প্রকল্পের প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের নাশতার জন্য ৪৫ টাকা করে ধরা হয়েছে। শিক্ষার্থীদের গ্রামীণ ঐতিহ্য ও খেলাধুলা শেখানো হবে। যাতায়াত ও দৈনিক ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৫০০ টাকা। এটি অবশ্য গ্রামীণ অঞ্চলের জন্য। তবে ঢাকার অঞ্চলগুলোর জন্য যাতায়াতে ১ হাজার ও দৈনিক ভাতা ৩০০ টাকা ধরা হয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় বিশ্লেষণে দেখা যায়, এতে একটি এইচপি ল্যাপটপ (কোর আই-৫ ৮২৫০ ইইউ) গড় দাম ধরা হয়েছে ৮০ হাজার টাকা। অথচ এই ল্যাপটপের বর্তমান বাজার মূল্য ৪৭ হাজার ৫০০ টাকা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের গড় দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা, ডিজিটাল ভিডিও ক্যামেরার দাম ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা, ডিজিটাল স্টিল ক্যামেরার দাম ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। ফটোকপি মেশিনের দাম ১ লাখ ২৫ হাজার, এয়ারকন্ডিশনারের দাম ৯০ হাজার টাকা ধরা হয়েছে।

এ প্রকল্পে গান শেখানোর জন্য একটি হারমোনিয়ামের দাম গড়ে ৩০ হাজার টাকা, তবলা ৭ হাজার, স্টিকার ১১ হাজার, কাঠের টুলের দাম প্রতিটি ৪ হাজার, কাঠের হাতলবিহীন চেয়ার প্রতিটি ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষভাবে ২৮ হাজার ৩৫০ জন শিক্ষার্থী ও পরোক্ষভাবে ৩ লাখ শিক্ষার্থী উপকৃত হবে বলে মনে করে শিশু একাডেমি। ১ হাজার ৮৯০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে তাদের সৃজনশীল কার্যক্রমকে উৎসাহিত করা হবে।

প্রকল্পটির হাতে নেওয়ার মূল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, গ্রামীণ পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকা- পরিচালনা করা। আলিয়া ও কওমি মাদ্রাসার শিশুদের মাঝে হামদ-নাত শেখানো হবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শিক্ষা পাবে বলে মনে করে এ প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম মোবাইল ফোনে মন্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রকল্পটির তিন বছরে ২১টি উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয়ে দুই শিফটে ১৮৯টি কেন্দ্রে সাংস্কৃতিক প্রশিক্ষণ পরিচালনা করা হবে। যেখানে চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি এই চারটি বিষয়ে সপ্তাহে এক দিন সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রতিটি সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমের (চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি) জন্য ৫-১৪ বছর বয়সী ৩০ জন শিশু সংগ্রহ করা। প্রতিটি সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমের (চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি) জন্য স্থানীয়ভাবে একজন প্রশিক্ষক সহায়তাকারী নির্বাচিত করা হবে।

গ্রামীণ এলাকার ১৫ হাজার ১২০ জন পিতাকে প্যারেন্টিং বিষয়াদি শেখানো হবে। এর জন্য ব্যয় হবে ৩২ কোটি টাকা।

প্রকল্পের সদর দপ্তর বাংলাদেশ শিশু একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন করা হবে। প্রধান কার্যালয়ের পর্যাপ্ত স্থান না পাওয়া গেলে ভাড়া করা বাড়িতে প্রকল্পের প্রধান কার্যালয় স্থাপন করা হবে এবং এজন্য অ্যাকাডেমিকে ভাড়া করা বাড়ির মালিককে নিয়মানুযায়ী ভাড়া প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ডিপিপিতে উল্লেখ আছে। প্রকল্পের আটজন সহকারী পরিচালক আটটি বিভাগীয় জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বসে বিভাগের প্রকল্পের কার্যক্রম প্রকল্প সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক পরিচালনা করবে বলেও বলা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি বিনা কার্যালয়ের একটি কক্ষ সহকারী পরিচালকের বসার জন্য একটি এবং প্রকল্পের অন্যান্য জনবলের জন্য একটি কক্ষ বরাদ করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.